ভূঞাপুরে ইউপি রাস্তার কাজ বিলম্বিত: স্থানীয়দের দাবির মুখে আটকে আছে উন্নয়ন
- আপডেট সময় : ০৮:৫০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৭৩ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দসী ইউনিয়নের জিগাতলা গ্রামে আম্বিয়া সরকারের বাড়ি থেকে রফিকের বাড়ি পর্যন্ত ৩৬০ ফুট দৈর্ঘ্যের ও ৬ ফুট প্রস্থের একটি সিসি ডালাই (পাকা) রাস্তার কাজ অনুমোদনের পরও এখনো শুরু হয়নি। স্থানীয়রা অভিযোগ করছেন, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের অবহেলা এবং স্থানীয় চাপের কারণে প্রকল্পটি বাস্তবায়ন আটকে আছে। জানা যায়,
গত ২ জুলাই ২০২৫ তারিখে ইউনিয়ন পরিষদের সভায় রাস্তাটি চূড়ান্তভাবে পাস হওয়ার পরও কাজ শুরুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গোবিন্দসী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মহির উদ্দিন এ বিষয়ে জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আলিমকে রাস্তার কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ওয়ার্ড সদস্য আলিম জানিয়েছেন, “স্থানীয় কিছু লোক কাজ চাচ্ছে। তাদেরকে কাজের দায়িত্ব না দিলে তারা কাজ করতে দেবে না।” এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার উন্নয়ন জনগণের টাকায়, কিন্তু একজনের স্বার্থের কারণে সবার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।” তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবগত করা হয়েছে। তিনি দ্রুত কাজ শুরুর তাগিদ দিয়েছেন। তিনি বলেন,”যেকোনো প্রতিকূল অবস্থার বিষয়ে প্রয়োজনে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তার কাজ শুরু করে সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ ও প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে হবে। অন্যথায়, তারা আরও কঠোর প্রতিবাদমুখর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।




















