বাড়ি নির্মাণে বাধা ও অনৈতিক দাবির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
- আপডেট সময় : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৩৪৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বাজার বাসস্ট্যান্ড এলাকার প্রধান সড়কের পাশে নিজস্ব জায়গায় বাড়ি নির্মাণে বাধা ও অনৈতিক দাবির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মো. জামাল উদ্দিন খান।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বাড়ি নির্মাণের শুরু থেকেই একই এলাকার গাজী হাকিম, গাজী সাইফুল ও গাজী জাহিদ নানাভাবে বাধা সৃষ্টি করে আসছেন। গাজী সাইফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে রাতের আঁধারে নির্মাণাধীন দেয়াল ভেঙে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, পৌরসভা থেকে অনুমোদন নেওয়ার পরেও নানা অজুহাতে বাড়ি নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। রাস্তার জন্য অতিরিক্ত পাঁচ ইঞ্চি জমি ছেড়ে দিলেও এক পরিবারের যাতায়াতের অজুহাতে আরও জায়গা দাবি করা হচ্ছে, যা অনৈতিক। বিষয়টি নিয়ে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে—ওই স্থানে পূর্বে কোনো রাস্তা ছিল না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ” তাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সঙ্গে সম্পর্ক আছে, এই দাবিতে আমরা কি নিজের জায়গায় বাড়িও করতে পারবো না?” এসময় তিনি প্রশাসনের সব পর্যায়ের সহায়তা কামনা করেন।
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, “ভবন নির্মাণ যাচাই-বাছাই কমিটি আবেদনকারীর কাগজপত্র যাচাই করে নকশা অনুমোদন দিয়েছে। চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গাও রাখা হয়েছে। পৌরসভার নিয়ম মেনেই ভবন নির্মাণের বিষয়ে অঙ্গীকার করেছেন নির্মাতা। তাই এখন পৌরসভার পক্ষ থেকে বাড়ি নির্মাণে কোনো বাধা নেই।”
সাংবাদিক সম্মেলনে এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।



















