ফরিদপুরে আধা-নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১১১ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট গ্রামে আজ ২৫ জুন ২০২৫, সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে আধা-নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং বিষয়ক একটি মাঠ দিবস।
পিকেএসএফ (পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন) এর আর্থিক ও কারিগরি সহায়তা এবং এসডিসি (সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি) এর তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাঠ দিবসে এলাকার ৭৫ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিসির মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলাম এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
বক্তারা আধা-নিবিড় পদ্ধতিতে কার্প মাছ মোটাতাজাকরণের নানা দিক নিয়ে বিশদ আলোচনা করেন। এর মধ্যে ছিল—উন্নত জাতের পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও প্রতিকার, এবং বাজারজাতকরণ কৌশল। তারা জানান, আধা-নিবিড় পদ্ধতি অনুসরণ করে সীমিত সম্পদ ব্যবহার করেই অল্প সময়ে মাছের উৎপাদন ও আয় বৃদ্ধির সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রযুক্তিগত দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নিজেদের চাষে এসব কৌশল প্রয়োগের আগ্রহ জানান।




















