প্রবাসীর অনুপস্থিতিতে প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী
- আপডেট সময় : ০৯:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ১০৭ বার পঠিত

ফরিদপুরের সালথায় দুই সন্তানকে ফেলে রেখে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এক প্রবাসীর স্ত্রী।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। উধাও হওয়া নারী সাহেদা বেগম (৩৫), স্বামী প্রবাসী ইমরান মাতুব্বরের (৪০) স্ত্রী। ইমরান ওই গ্রামের আব্দুল কুদ্দুস মাতুব্বরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে ইমরানের সঙ্গে সাহেদার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে রয়েছে। বিয়ের পাঁচ বছরের মাথায় ইমরান কাজের সন্ধানে ওমানে চলে যান। গত ১০ বছরে একবার দেশে এলেও দীর্ঘ সময় বিদেশেই অবস্থান করছেন তিনি।
ইমরানের মা নিহারুন বেগম অভিযোগ করেন, ছেলে বিদেশে থাকার সুযোগে সাহেদা প্রতিবেশী কৃষক আলম ব্যাপারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। কয়েক দিন আগে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। একই সময় আলমও নিজ বাড়ি থেকে উধাও হন।
সাহেদার ছেলে সজিব বলেন, মা বাড়ি থেকে বের হওয়ার সময় ছোট ভাই সুহানকে (৫) মাত্র ১০ টাকা দিয়ে বলে, ‘যাও বাড়ি যাও।’ এরপর আর ফেরেননি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, মা আলমের সঙ্গে পালিয়ে গেছেন।
এ ঘটনায় সাহেদার মামা লিঠু মোল্যা সালথা থানায় অভিযোগ দায়ের করেছেন।
সালথা থানার এসআই আব্দুল বাছেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তাদের উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।




















