পরিচর্যার অভাবে ধ্বংসের মুখে সরকারি ছাদ বাগান
- আপডেট সময় : ১০:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭৮ বার পঠিত

পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে কয়েক লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছিল দৃষ্টিনন্দন একটি ছাদ বাগান। উদ্দেশ্য ছিল প্রশাসনিক ভবনকে সবুজে ঘেরা রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং সাধারণ মানুষকে ছাদ বাগানে উদ্বুদ্ধ করা। কিন্তু সময়ের ব্যবধানে সেই বাগান এখন অবহেলা ও দায়িত্বহীনতার প্রতীকে পরিণত হয়েছে।
দিনাজপুরের খানসামা উপজেলার উপজেলা প্রশাসনিক ভবনের ছাদে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক ফলদ গাছ বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে। সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ গাছই শুকিয়ে গেছে বা মারা গেছে। ছাদজুড়ে পড়ে আছে ভাঙা টব, শুকনো ডালপালা ও আগাছা। নিয়মিত সেচ বা পরিচর্যার কোনো চিহ্ন চোখে পড়েনি।
কয়েক বছর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিকল্পিতভাবে ছাদে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলদ গাছ। এর মধ্যে ছিল আম, লিচু, আপেল, পেয়ারা, মিষ্টি জলপাই, সফেদা, শরিফা, মিষ্টি তেঁতুল, লটকন, মিষ্টি কামরাঙা, জাম্বুরা, ড্রাগন ফল, কদবেল, তাইওয়ান কুল, লেবু, কমলা, মাল্টা, করমচা, চেরি, জামরুল, ডালিম, বেল, ক্যাপসিকাম ও আমড়াসহ নানা জাতের গাছ। একসময় পুরো ছাদজুড়ে ছিল সবুজের সমারোহ। প্রশাসনিক ভবনে সেবা নিতে আসা মানুষজন এমন উদ্যোগ দেখে মুগ্ধ হতেন। এই প্রকল্প স্থানীয়দের মাঝেও ছাদ বাগান গড়ে তোলার আগ্রহ সৃষ্টি করেছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকার বলেন, “আমি এখানে যোগদানের পর থেকেই ছাদ বাগান মরুভূমির মতো অবস্থায় পড়ে আছে। গাছগুলো অনেক পুরোনো হয়ে গেছে। টবের ভেতরে মাটির চেয়ে শিকড় বেশি হয়ে গেছে। এ কারণেই গাছগুলো নষ্ট হয়েছে। এখন ওই টবগুলোতে নতুন করে গাছ লাগাতে হবে।”
পরিবেশবিদদের মতে, ছাদ বাগান শুধু সৌন্দর্যবর্ধনের বিষয় নয়; এটি শহরের তাপমাত্রা কমাতে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশ আরামদায়ক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এমন উদ্যোগ টিকিয়ে রাখতে প্রয়োজন নিয়মিত তদারকি, পরিকল্পিত ব্যবস্থাপনা ও দায়বদ্ধতা।




















