‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—রাজবাড়ীতে শুরু সাতদিনব্যাপী বৃক্ষমেলা
- আপডেট সময় : ১২:৫২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৩২ বার পঠিত

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
মঙ্গলবার (৮ জুলাই) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. শহীদুল ইসলাম।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “সবুজ বাংলাদেশ গড়তে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। এখন বর্ষাকাল—গাছ লাগানোর উপযুক্ত সময়। গাছ আমাদের শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, খাদ্য ও অক্সিজেনেরও প্রধান উৎস। তাই সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।”
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় আজাদী ময়দানে, যেখানে বৃক্ষমেলার আয়োজন করা হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এই মেলা আগামী সাত দিন চলবে, যেখানে বৃক্ষপ্রেমীরা বিভিন্ন গাছের চারা সংগ্রহ করতে পারবেন এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন তথ্যও জানতে পারবেন।




















