দৌলতপুরে পীর হত্যা মামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১১:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৪৮ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলোচিত পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় প্রধান আসামি খাঁজা আহমেদসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেল ৫টার দিকে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দৌলতপুর উপজেলা শাখা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ ড. নুরুল আমিন জসীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক মো. এনামুল হক, দৌলতপুর উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল নোমান এবং নায়েবে আমির মো. আরোজ উল্লাহ।
বক্তারা অভিযোগ করেন, ফিলিপনগর ইউনিয়নে সংঘটিত পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় খাঁজা আহমেদকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। তাদের দাবি, এ হত্যাকাণ্ডের সঙ্গে খাঁজার কোনো সম্পৃক্ততা নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা আরও বলেন, হত্যার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে না। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ থেকে খাঁজা আহমেদ ও জামায়াতে ইসলামীকে মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়।




















