দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল-গুলিসহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮৫ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর বিওপির একটি চৌকস টহল দল বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা।
তবে অভিযানের সময় অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সীমান্তে অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।














