দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান, ২৮ লাখ টাকার মাদক উদ্ধার
- আপডেট সময় : ০৯:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৬১ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা।
শনিবার (২৯ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা সব মালামালই ছিল মালিকবিহীন।
বিজিবি সূত্র জানায়, কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ কাঠালতলা মাঠে অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১০ হাজার টাকা।
এদিকে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পাকুরিয়া মাঠে অভিযান চালিয়ে ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪ বোতল ফেয়ারডিল সিরাপ ও ১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।
অন্যদিকে, কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর নওপাড়া সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।
সর্বশেষ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গুরের পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭১০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৯৪ হাজার ৫০ টাকা।
বিজিবি জানায়, চারটি পৃথক অভিযানে সর্বমোট ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।
সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।




















