তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনগত বাধা নেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
- আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৬২ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় তাঁর জানা মতে কোনো আইনগত বাধা নেই। যদি কোনো বিধিনিষেধ থেকেও থাকে, সরকার তাঁর ফেরাকে সহজ করতে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং দেশে এলে নিরাপত্তা দেওয়ার ব্যাপারেও সর্বোচ্চ চেষ্টা করবে।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, তারেক রহমান যথেষ্ট বিবেকবান ও বুঝদার ব্যক্তি। তিনি পরিস্থিতি মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেবেন কখন দেশে ফিরবেন। তাঁর ভাষায়, “উনি সঠিক সময়েই দেশে ফিরবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে না ফেরাকে কেন্দ্র করে যেসব মন্তব্য বা প্রশ্ন তোলা হয়, সেগুলো তাঁর কাছে অরুচিকর মনে হয়। এটি মা-ছেলের সম্পর্কের বিষয়—এখানে বেগম খালেদা জিয়ার কোনো পরামর্শ আছে কি না বা তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত কী—এসব নিয়ে অযথা আলোচনা করা ঠিক নয়।
উপদেষ্টা শেষে বলেন, “সবকিছু সবচেয়ে ভালো উনারাই জানেন—কখন আসতে হবে এবং কোন পদক্ষেপ কখন নিতে হবে।”




















