আশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, চালক আটক
- আপডেট সময় : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৮৯ বার পঠিত

আশুলিয়ার ধনাঈদ ইউসুফ মার্কেট এলাকায় আঞ্চলিক সড়কে মিনি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে খাদীজা আক্তার (৫) নামের এক শিশু প্রাণ হারিয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা চালক মো. জুয়েল রানাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
রবিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের ধনাঈদ ইউসুফ মার্কেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত খাদীজা বরিশাল জেলার হিজলা থানার চর দুর্গাপুর এলাকার ফারুক সরদারের মেয়ে। আটক চালক জুয়েল রানা (২৮) গাজীপুর জেলার শ্রীপুর থানার বান্নাহাটি গ্রামের মো. সেলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিমপুর থেকে ঢাকামেট্রো-উ ১১-২৯৫৯ নম্বরের শারমিন গ্রুপের একটি কাভার্ডভ্যান আশুলিয়ার দিকে আসছিল। ধনাঈদ ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছে ‘ক্যাফে আশা’ রেস্টুরেন্টের সামনে শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। চালককে আটকের পর থানায় নেওয়া হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




















