আলফাডাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৮০ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, আলফাডাঙ্গা, ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় দাবা, কাবাডি, সাঁতার ও হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব এ.কে.এম. রায়হানুর রহমান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান।
খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও শারীরিক সক্ষমতা বিকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনে তাদের উৎসাহিত করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।




















