আগামী সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে তাপপ্রবাহ
- আপডেট সময় : ০৬:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ১৩৬ বার পঠিত

গত কয়েকদিন হলো অসহনীয় তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে একরম অতিষ্ঠ হয়ে পড়েছে রাজধানীসহ গোটা দেশের জনজীবন। প্রচন্ড গরমে জনজীবনে বিরূপ প্রভাব বিস্তারের পাশাপাশি সাধারণ কর্মযজ্ঞেও বিঘ্ন সৃষ্টি করছে। তবে আগামী সপ্তাহ জুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী ৭-৮ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে এই সময়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ঋতু পরিবর্তনের এই সময় ছিটেফোঁটা বৃষ্টি বিশেষ করে সিলেটের দিকে কিছুটা হলেও, তাপমাত্রা মোটেই কমবে না।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ৩৮ দশমিক ১; রংপুরে ৩৪ দশমিক ৯; ময়মনসিংহে ৩৪ দশমিক ৭; সিলেটে ৩৫; চট্টগ্রামে ৩৬ দশমিক ২; খুলনায় ৩৭ এবং বরিশালে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।



















