রাজবাড়ীর দৌলতদিয়ার পোড়া ভিটায় পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের অভিযান
- আপডেট সময় : ১২:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৯০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পোড়া ভিটায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপার মীর মনির হোসেনের নির্দেশনায় শনিবার বিকেলে ডিবির একটি দল এ অভিযান চালায়।
স্থানীয়ভাবে মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পোড়া ভিটায় অভিযানের খবর ছড়িয়ে পড়লে সেখানে থাকা অনেকেই দ্রুত সরে যান বলে জানিয়েছে পুলিশ।
এ সময় কয়েকটি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। কিছু ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ সদস্যরা দরজার বাইরে থেকে ভেতরে কেউ আছেন কি না জানতে চাইলে কোনো সাড়া পাওয়া যায়নি বলে ডিবি সূত্রে জানা গেছে।
পুলিশের ভাষ্য, রাজবাড়ীতে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে পোড়া ভিটাসহ মাদকপ্রবণ এলাকাগুলোতে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।














