রাজবাড়ীতে মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দেয়ালিকা প্রদর্শন
- আপডেট সময় : ০৮:৫৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩৪ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার মরডাঙ্গা সেকান্দারিয়া ফাযিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি ও দেয়ালিকা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. অলিউর রহমান।
মরডাঙ্গা সেকান্দারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার সভাপতি মাওলানা শামসুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. অলিউর রহমান বলেন, “আমরা চাই মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক ও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠুক। বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষার মর্যাদা অনেক বেড়েছে। মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন।”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানান। তিনি বলেন, শ্রেণিকক্ষে উপস্থিত থেকে বিষয়গুলো ভালোভাবে বুঝে শিক্ষা গ্রহণ করলেই একজন শিক্ষার্থী ভবিষ্যতে কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে। সঠিক শিক্ষা একজন ভালো নাগরিক গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের ওপরও গুরুত্ব দেন প্রফেসর ড. অলিউর রহমান। তিনি বলেন, শিক্ষাজীবন শেষে সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন পেশায় যুক্ত হবেন। তাদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগের প্ল্যাটফর্ম থাকলে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কার্যকর অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কাজ নিয়ে দেয়ালিকা প্রদর্শন করা হয়।














