বাংলাদেশের অগ্রযাত্রায় চীনও সহযোগিতা করছে: বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১০:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৬৩ বার পঠিত

বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে বন্ধুপ্রতীম দেশ চীনও সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
এদিন দেশব্যাপী তরুণ ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা ৩০৬ জন উদীয়মান খেলোয়াড়কে নিয়ে দুই মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
উদ্বোধন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের বন্ধুপ্রতীম দেশ চীনও তাতে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নতুন কুঁড়ির শিক্ষার্থীদের পাশে রয়েছে, তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় নিজের জীবনের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, আমি একসময় খেলোয়াড় ছিলাম, পরবর্তীতে রাজনীতিতে নেমেছি। গত ১৭ বছর স্বৈরাচার সরকারের সময় আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম খেটেছি, তারপরও হাল ছাড়িনি। সাধারণ মানুষের ভালোবাসায় এবার সরকারে দায়িত্ব পেয়েছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ চীন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















