পাংশায় রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
- আপডেট সময় : ০৯:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১১৮ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা বাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার বিকালে সাড়ে ৩ টার দিকে শহরের বাড়েক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির পালার ওপর আগুন দিয়ে ভীমরুলের বাসা পোড়ানোর সময় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বাজারের পাঁচটি দোকানে আগুনে পুরে ভষ্মিভুত হয়।
অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। পাংশা বণিক সমিতির সভাপতি বলেন, বাজারের পাশের একটি বসতবাড়ির আগুন থেকেই তার দুটি দোকানসহ আরও তিনটি দোকানে আগুন লাগে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিয়ে বসতবাড়ি ও আশপাশে আগুন ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, শুক্রবার দোকান বন্ধ ছিল এবং জন্মাষ্টমী উপলক্ষে তিনি দোকানে ছিলেন না। দোকানে মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা বলেন, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।



















