রাজবাড়ীতে অবৈধ সার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৭৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে ইউরিয়া সার বিক্রি ও স্থানান্তরের দায়ে খন্দকার ফারুক হোসেন (৫৮) নামে এক সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে গোয়ালন্দ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
জানা গেছে, গোয়ালন্দ বাজারের বিসিআইসি সার ডিলার খন্দকার ফারুক হোসেন নিয়মবহির্ভূতভাবে নির্ধারিত এলাকার বাইরে ইউরিয়া সার বিক্রি ও স্থানান্তর করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার সার গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত সার ডিলার খন্দকার ফারুক হোসেন বলেন, “তার এলাকায় ইউরিয়া সার বেশি থাকায় সেগুলো অন্যত্র পাঠাচ্ছিলাম। অন্য উপজেলায় সার দেওয়া যাবে না—এটি আমার জানা ছিল না। আমি ভুল করেছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, “সার সংকটের এই সময়ে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় খন্দকার ফারুক হোসেনকে অবৈধভাবে সার স্থানান্তরের সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাকে জরিমানা করা হয়েছে।”
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, “নিয়মবহির্ভূতভাবে নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি ও স্থানান্তরের দায়ে ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজে জড়িত না হওয়ার বিষয়ে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, এর আগেও ২০২২ সালের ১২ সেপ্টেম্বর সার বিক্রিতে অনিয়ম ও সার পাচারের অভিযোগে খন্দকার ফারুক হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।




















