আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা শুরু
- আপডেট সময় : ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৭৮ বার পঠিত

জনসাধারণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজলভ্য করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। র্যালির পরপরই সেখানে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সাধারণ মানুষ সরাসরি এই সেবা মেলা থেকে সুবিধা নিতে পারবেন।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মেলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম রায়হানুর রহমান।
বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করতে নানা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। অনলাইনভিত্তিক ভূমিসেবা চালুর ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই অনেক সেবা পাচ্ছেন। ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে জনগণের আস্থা অর্জন করাই এই মেলার অন্যতম উদ্দেশ্য। ভূমি অফিসগুলোকে দুর্নীতিমুক্ত, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিন দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে মেলার বিশেষ বুথ থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষকে অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজমানি জমা এবং ই-পর্চা সংগ্রহসহ নানা ধরনের ডিজিটাল ভূমিসেবা দেওয়া হচ্ছে।
এছাড়া ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে মেলা প্রাঙ্গণে গণশুনানি, সেবা বিষয়ক সেমিনার, সচেতনতামূলক আলোচনা সভা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে সেবা পান, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ সেবা বুথ সার্বক্ষণিক কাজ করছে।
অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস, গোপালপুর ইউনিয়ন ভূমি অফিস, বুড়াইচ ইউনিয়ন ভূমি অফিস এবং পাচুড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরাও উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন।




















