ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন,দোষীদের ফাঁসির দাবি
- আপডেট সময় : ০৩:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৭১ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা আদর্শ গ্রামে শিশু শিক্ষার্থী আইরিন আক্তার বীনা (ডাকনাম কবিতা) ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (সকাল ১১টা) ফরিদপুর প্রেসক্লাবের সামনে ১১ নম্বর গেরদা ইউনিয়নবাসী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন “মানুষ মানুষের জন্য”-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ, মুখ্য সমন্বয়ক জেবা তাহসিন, গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জাকারিয়া, জুবায়ের হোসেন, যুবদল নেতা কাকন মিয়া, মানবতার কল্যাণে ফরিদপুর সংগঠনের সভাপতি মোহাম্মদ সিয়াম, যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, এস এম রফিকুল ইসলাম এবং ফরিদপুর সদর থানা বিএনপির সহ-সভাপতি হাজ্জাজ বিন ইউসুফসহ অনেকে।
বক্তারা এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ছয় বছরের শিশু কবিতার ওপর এমন পাশবিক নির্যাতন পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসি—কার্যকর করার দাবি জানান তারা।
নিহত শিশুর মা তাহমিনা বেগম ও বাবা বাঁকা মিয়া আবেগাপ্লুত কণ্ঠে তাদের মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক। বিশেষ করে মাদকের বিস্তার সামাজিক অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ঘটনার বিচার দ্রুত সম্পন্ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ইসরাফিল মৃধার নাম উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।




















