যথাযোগ্য মর্যাদায় নাগেশ্বরীতে মে দিবস পালিত
- আপডেট সময় : ০৯:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১৪৪ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। (১লা মে ২০২৬) শুক্রবার দিবসটির সূচনা লগ্নে নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, র্যালি, আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগেশ্বরী শাখা এবং কুড়িগ্রাম জেলা ট্রাক শ্রমিক, ট্যাংকলরী, কাভার্টভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত নাগেশ্বরী-ভোগডাঙা সমন্বয় উপকমিটি। এ ছাড়াও ইমারত শ্রমিক, দর্জি শ্রমিক ও নির্মাণ শ্রমিকরা এই র্যালিতে অংশ নেন।
শুরুতে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির আহবায়ক মোঃ আবুল কাশেম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি এবং মে দিবস উদযাপন কমিটির আহবায়ক রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি শাহিন শহিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনজু, প্রেসক্লাব নাগেশ্বরীর সদস্য মোসলেম উদ্দিন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামাদলের মাওলানা শহিদুল ইসলাম। দোয়ায় সকল শহীদ শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা এবং শ্রমিকদের নির্যাতন বন্ধসহ তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় বর্তমান সরকারের প্রতি।




















