“এবার নিশ্চিত থাকুন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে”— রংপুরের নবাগত এসপি
- আপডেট সময় : ১১:২২:২২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৬৪ বার পঠিত

রংপুরের নতুন পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেছেন, অতীতের পুনরাবৃত্তি আর হবে না। এবার সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও ভয়হীন নির্বাচন অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে সবাই নিশ্চিন্ত থাকতে পারেন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতির স্বার্থে মতপার্থক্য ভুলে সবাইকে কাজ করতে হবে। যারা বৈষম্যের শিকার হয়েছেন এবং আন্দোলনে শহীদ হয়েছেন—তাদের আত্মত্যাগ বিফলে যেতে দেওয়া হবে না।
সাংবাদিকদের উদ্দেশে এসপি বলেন, “আপনারা সমাজের চক্ষু-কর্ণ। জনবল সীমিত হলেও আপনাদের তথ্যের কারণে আইনশৃঙ্খলা রক্ষা সহজ হয়।” জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যধারণকারী সাংবাদিকদের প্রশংসা করেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে তিনি জানান, “আমরা নির্বাচনী ট্রেনে উঠে গেছি। খুব শিগগির তফসিল ঘোষণা হবে। রংপুরের নির্বাচন নিরপেক্ষ, স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারে, সেজন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, জয়নাল আবেদীনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




















