নান্দাইলে আলমগীর হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৩৯ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে নির্মমভাবে নিহত প্রবাসী আলমগীর হোসেন আলীম (৩৩) হত্যার আসামিদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
১লা অক্টোবর বুধবার দুপুরে নান্দাইল দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের পাঁচরুখি বাজারে মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হত্যকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, আলমগীর কয়েক মাস ধরে সাহসিকতা দেখিয়ে এককভাবে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন।এতে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত মাদক কারবারিরাই তাঁকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গুম করতে চেয়েছিল।
আলমগীরকে নৃশংসভাবে হত্যা করে এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের এখনও আইনের আওতায় না আনা দুঃখজনক। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে হত্যাকারীদের ফাঁসির দণ্ড নিশ্চিত না হলে এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,নিহত আল মা মনোয়ারা বেগম,নিহতের মেয়ে তানিয়া আক্তার,ভাগ্নী সাথী আক্তার নিহতের ভাই শাহ আলম সাদ্দাম হোসাইন, মাওলানা অলি উল্লাহ,জালাল উদ্দিন আহমেদ,মোঃ হেলাল উদ্দিন বেলাল, সোহেল বেন্ডার, মোঃ ইলিয়াস রহমান, আবু সাইদ প্রমুখ।
বক্তারা আরও বলেন, আলমগীর ছিলেন সৎ ও পরিশ্রমী ও প্রতিবাদী মানুষ। তার হত্যাকাণ্ডে পুরো এলাকা শোকাহত।
এখন ন্যায়বিচারের জন্য সবাই ঐক্যবদ্ধ। স্থানীয় জনসাধারণ জানান, হত্যার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ চায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক,যাতে ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। কর্মসূচিতে শতশত নারী-পুরুষ উপস্থিত হয়ে আলমগীর হত্যার বিচার দাবি জানান। বক্তাদের একটাই স্লোগান— খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ
করে।
উল্লেখ্য আলমগীর ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলি গ্রামের আবুল কালামের ছেলে। পাঁচ বছর সৌদি আরবে থেকে সম্প্রতি ছুটিতে বাড়ি আসেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর রাতে তিনি নিখোঁজ হন।




















