গোয়ালন্দে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র জরুরি পদক্ষেপ
- আপডেট সময় : ০৭:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৩৬৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আড়ৎপটি এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ নাহিদুর রহমান।
বুধবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে তিনি গোয়ালন্দ বাজারের আড়ৎপটি এলাকা পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে,সাম্প্রতিক বৃষ্টিপাতে আড়ৎপটি এলাকায় পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি স্থানীয়দের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে পথচারী ও শিক্ষার্থীরা ভিজে গিয়ে ভোগান্তির শিকার হন। বিষয়টি জানার পরপরই ইউএনও পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ইউএনও মোঃ নাহিদুর রহমান জানান,“বিষয়টি শোনার পরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পাইপের মাধ্যমে ড্রেনের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে, এতে জলাবদ্ধতা নিরসন হবে। পাশাপাশি এখানকার টেম্পু স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বাজারের যানজটও কমে আসে।”



















