পাইকগাছায় ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ১২:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১৪২ বার পঠিত

খুলনার পাইকগাছায় অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্য দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে বাবা, ছেলে ও ভাইপোকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসাথে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
রবিবার বিকেলে উপজেলার মটবাটী নতুন বাজারস্থ প্রধান সড়কে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা ছাড়াও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মটবাটী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আমিনুল ইসলাম মানববন্ধনে বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য রাখেন বিপ্লব সরকার,রিংক বিশ্বাস, দিপালী বিশ্বাস এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা, যারা কান্নাজড়িত কণ্ঠে নিজেদের দুঃখ তুলে ধরেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন নির্মল বিশ্বাস।
বক্তারা জানান, গত ৮ জুলাই মটবাটী গ্রামের রসময় বিশ্বাসের পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে পুলিশ ও সেনাবাহিনী দেশীয় পাইপগান, ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় রসময় বিশ্বাস (৫৮), তার ছেলে প্রীতম বিশ্বাস (৩০) ও ভাইপো দেব্রত বিশ্বাসকে (২৯)।
বক্তারা দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী দিলীপ ও তার সহযোগীরা এসব অস্ত্র ও মাদকদ্রব্য রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে তাদের ফাঁসিয়েছে।
এদিকে মানববন্ধন চলাকালে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ভুক্তভোগী রসময় বিশ্বাসের স্ত্রী বক্তব্য দেওয়ার সময় প্রতিপক্ষের লোক মোখলেছুর রহমান কাজল তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
মানববন্ধনে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




















