জয়েন্টের ব্যথা উপশমে প্রাকৃতিক সমাধান: কার্যকর কালিজিরার তেল
- আপডেট সময় : ০৫:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২১২ বার পঠিত

প্রতিদিনের ডেস্ক: বাঙালির রান্নাঘরের অতি পরিচিত উপাদান কালিজিরা শুধুমাত্র খাবারে স্বাদ ও গন্ধই বাড়ায় না, এটি স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। বিশেষ করে জয়েন্টের ব্যথা, বাত এবং পিঠে অস্বস্তি দূর করতে কালিজিরার তেলকে একটি কার্যকর ঘরোয়া চিকিৎসা হিসেবে বিবেচনা করা হয়।
কালিজিরায় রয়েছে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান—প্রোটিন, নিয়াসিন, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, ফসফরাস ও ফোলেট। এই উপাদানগুলো একে শুধুমাত্র রান্নার উপাদান নয়, বরং এক প্রাকৃতিক পুষ্টিবর্ধক হিসেবে গড়ে তুলেছে।
প্রাচীনকাল থেকেই কালিজিরাকে ‘মহৌষধ’ বলা হয়ে আসছে। এর তেলে থাকা ‘থাইমোকুইনোন’ নামক উপাদান অ্যান্টি-ইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। বিভিন্ন গবেষণায় প্রমাণ মিলেছে, এটি দীর্ঘমেয়াদি জয়েন্টের ব্যথা উপশমে এবং তরুণাস্থির ক্ষয় রোধে সহায়ক।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হালকা গরম করে কালিজিরার তেল জয়েন্ট বা পিঠে মালিশ করলে হাঁটুর আর্থ্রাইটিস ও জয়েন্ট ফুলে যাওয়ার মতো সমস্যায় অনেকটা আরাম পাওয়া যায়।
তবে শুধু জয়েন্ট ব্যথা নয়, কালিজিরার রয়েছে আরও নানা স্বাস্থ্য উপকারিতা। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এবং রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে সহায়তা করে। এমনকি কিছু গবেষণায় ক্যানসার প্রতিরোধেও কালিজিরার সম্ভাবনার কথা বলা হয়েছে।
ছোট এই কালো দানাটি যদি নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে এটি হতে পারে সুস্থ জীবনের অন্যতম প্রাকৃতিক সহচর।




















