পাংশার আদি মহাশ্মশানে চলছে ৯ দিন ব্যাপী নামযজ্ঞানুষ্ঠান ও মেলা
- আপডেট সময় : ০৯:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৭৩ বার পঠিত

রাজবাড়ীর পাংশা পৌর শহরের পাংশা আদি মহাশ্মশানে মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে শুরু হয়েছে ৮৬ তম ৭২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মেলা।আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ নামযজ্ঞানুষ্ঠান।
পাংশা আদি মহাশ্মশান কমিটির আয়োজনে গত ১১ ফেব্রুয়ারি শ্রীমদ্ভগবত গীতাপাঠ, কীর্তন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।১২ ফেব্রুয়ারি থেকে বিশ্ব শান্তিকল্পে ও সকল জীবের মঙ্গল কামনায় শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা ও নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়। প্রতি বছরের মত নানা আয়োজনে এবারেও অনুষ্ঠিত হচ্ছে নাম যজ্ঞানুষ্ঠান ও মেলা।
মহানাম সুধা শ্রবণের জন্য প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দের সমাগমে মধুর বৃন্দাবনে রূপ নিয়েছে শ্মশান অঙ্গণ। ভক্তবৃন্দের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। প্রতিদিন প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ নামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করছেন।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)তপন কুমার রায় জানান, দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল জীবের মঙ্গল কামনায় প্রতিবছরই ৭২ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহা নামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়।
এ মহাযজ্ঞে এলাকার সকল ধর্মপ্রাণ সনাতনীদের সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সার্থক করে তোলে। নামযজ্ঞানুষ্ঠান অন্তে আগামী ২১ ফেব্রুয়ারি শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ মহাযজ্ঞের সমাপ্তি ঘটবে।




















