খানসামা বেড়েছে সরিষা চাষ, ভালো ফলনের আশায় চাষীরা
- আপডেট সময় : ০২:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৩০ বার পঠিত

শস্যভান্ডার খ্যাত উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা। চাহিদা বাড়ায় ও ভালো দাম পাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার ব্যাপক চাষ হয়েছে। হলুদ রঙ্গে রাঙ্গিয়েছে সরিষা ক্ষেত, ভ্রমর ঘুরছে ফুলে ফুলে। সুগন্ধে ভরে উঠেছে বাতাস। মাঠের পর মাঠ এখন সবুজের ডাটায় হলুদ রঙ সেজেছে। কুয়াশার জলরাশি ভেদ করে সবুজ মাঠের দেশে এবার হলুদের সমারাহ। যেন চিত্রশিল্পি রং তুলি দিয়ে আল্পনা এঁকেছে হলুদের।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে ১ হাজার ৫৯০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে। গত মৌসুমে চাষাবাদ হয়েছিল ১ হাজার ৪৬৫ হেক্টর জমি। অন্য ফসলের তুলনায় সরিষা চাষ লাভজনক হওয়ায় কৃষকেরা দিনদিন সরিষা চাষে আগ্রহী হয়েছেন। অন্যদিকে বর্তমান বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম বাড়ায় সরিষা তেলের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের। যার প্রভাবে চাষাবাদও বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোবিন্দপুর, হোসেনপুর, টংগুয়া, রামকলা, আঙ্গারপাড়ায় বিস্তীর্ণ এলাকায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ। দেখে মনে হয়, হলুদ চাদরের বিছানা। কিছু দিন পর কৃষকের ঘরে উঠবে এ অর্থকরী ফসল।
খামারপাড়া এলাকার কৃষক আইজুল ইসলাম বলেন, ‘এ বছর ৩ বিঘা জমিতে সরিষার চাষ করেছি। সরিষার গাছ ভালো হয়েছে এবং ফুলও এসেছে ভালো। প্রতিবছর বিঘাপ্রতি ১৪-১৫ মণ করে পেলেও এ বছর অধিক সরিষা পাব।’
হোসেনপুর গ্রামের কৃষক লক্ষিকান্ত সেন বলেন, ‘বোরো ধান লাগানোর আগে জমিতে সরিষা লাগানো হয়। সরিষার দাম ভালো থাকায় এ বছর ২ বিঘা সরিষা আবাদ করেছি। ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা যদুনাথ রায় বলেন, ‘ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় চাহিদা মেটাতে সরিষা চাষে কৃষকদের প্রণোদনা দেওয়াসহ সব ধরনের পরামর্শ দিতে কৃষি বিভাগের নির্দেশে আমরা মাঠে আছি।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার বলেন, ‘বর্তমানে সরিষা চাষে লাভ হওয়ায় দিন দিন সরিষা চাষ বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ভালো ফলন হবে বলে আশা করছি। এই লক্ষ্যে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি।



















