আশুলিয়ায় ইলেকট্রনিক্স দোকানে দুর্ধর্ষ চুরি, ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট
- আপডেট সময় : ১০:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ২০৯ বার পঠিত

মোঃ শামীম আহমেদ, সাভার (ঢাকা)
আশুলিয়ার পানধোয়া বাজারের একটি ইলেকট্রনিক্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর চক্র ওই দোকান থেকে ২২টি আইপিএস ব্যাটারি, ১৫টি আইপিএস মেশিন ও নগদ ৩২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) ভোর রাতে পূর্ব পানধোয়া বাজার মসজিদ সংলগ্ন দিপ্ত ইলেকট্রনিক্সে এ ঘটনা ঘটে।
দোকান মালিক কাজী মাহাফুজুর রহমান দিপ্ত জানান, সামনে গ্রীষ্মকাল আসছে তাই দোকানে মালামাল উঠানো হচ্ছিল। তাই আইপিএসের ব্যাটারি, আইপিএস মেশিন দোকানে মজুদ করা হচ্ছিল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে তার বাবা দোকান খুলতে এসে দেখেন শাটারে তালা নেই। পরে ভেতরে ঢুকে দেখেন ভেতরে কোন মালামাল নেই। তিনি আরও জানান, তার দোকান থেকে ১২ ভোল্টের ২২টি ব্যাটারি, আইপিএসের ১৫টি মেশিন ও নগদ ৩২ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি যাওয়া পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা। বাজার পাহাড়ায় রাতে ৪ জন নাইটগার্ড থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনার সাথে বাজারের নিরাপত্তাকর্মী শফিকুল, মানিক, জুয়েল ও দ্বীন ইসলাম জড়িত আছেন বলেও জানান তিনি।
পানধোয়া বাজার কমিটির সভাপতি এরশাদ হোসেন জানান, চুরির ঘটনা দুঃখজনক। তবে বিষয়টি নিয়ে রাতে আমরা নাইটগার্ডদের নিয়ে বসবো। বসেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া নাইটগার্ডদের সাথেও কথা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




















