আলোচিত সমালোচিত কুড়িগ্রামের পিআইও বান্দরবানে বদলি
- আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২২৩ বার পঠিত

আলোচিত-সমালোচিত কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিরাজুদ্দৌলাকে বান্দরবানের থানচিতে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর)দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) ও সিনিয়র সহকারী সচিব এস এম সোহরাব হোসেন সাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। আদেশটি অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
একই আদেশে থানচি’র পিআইও মো.সুজন মিয়াকে উলিপুর উপজেলায় বদলি করা হয়েছে। তবে সিরাজুদ্দৌলাকে বদলির কারণ হিসেবে’ প্রশাসনিক কারণ’ এবং সুজন মিয়াকে ‘জনস্বার্থে’বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে। উভয় কর্মচারীকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। অন্যথায় ২১ সেপ্টেম্বর অপরাহ্ন থেকে বর্তমান কর্মস্থল থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
প্রসঙ্গত,পিআইও সিরাজুদ্দৌলার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন না করে বিল প্রদান, নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে গড়িমসি, প্রকল্পের টাকা ফেরত পাঠানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের দরপত্রের লটারিতে ফলাফল পাল্টে নিজ সহকর্মীর ভাইয়ের নামে কাজ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা চলমান রয়েছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন,এখনো আসেনি পিআইও’র বদলির আদেশের কপি ।














