বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ফল মাখা বিক্রেতার মৃত্যু
- আপডেট সময় : ০৮:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ৪৪৮ বার পঠিত

বগুড়ার কাহালু রেলস্টেশনে ওঠার সময় ট্রেনে কাটা পড়ে দুলাল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি, বগুড়ার কাহালু উপজেলার মহেশপুর এলাকার হবিবর রহমানের ছেলে দুলাল মিয়া (৪০) এবং পেশায় একজন ফল মাখা বিক্রেতা।
জানা গেছে, কাহালু রেলওয়ে স্টেশনের দুই নম্বর রেল লাইন থেকে এক নম্বর লাইন দিয়ে প্লাটফর্মে ওঠার সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল কলেজ ট্রেন কাটা পড়েন দুলাল মিয়া। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই ইউসুফ আলী জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যু হওয়ায় এ বিষয়ে সদর থানায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



















