- আপডেট সময় : ০৫:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৮৭ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামে ঢালাই সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার কালামের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে,আফসার আলীর বাড়ি থেকে আসর আলীর বাড়ি পর্যন্ত ১২০ মিটার দৈর্ঘ্যের লিংক সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় ৪ লক্ষ টাকা। কাজ শেষ হয়েছে প্রায় ১০ দিন আগে। তবে ১৩ জুলাই সরেজমিনে গেলে স্থানীয়রা অভিযোগ করেন, সড়ক নির্মাণে নিম্নমানের বালু ও মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহার করা হয়েছে।
বাসিন্দারা জানান,রাস্তায় ব্যবহার করা সিমেন্টের মেয়াদ আগেই শেষ হয়ে যায় এবং বালুর মান ছিল অত্যন্ত নিম্নমানের। এসব অনিয়মের ফলে নতুন রাস্তার স্থায়িত্ব নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
তারা দাবি করেন,এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে দ্রুত তদন্ত করে জড়িত ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে যেনো এমন ব্যক্তিদের লাইসেন্স বাতিল করা হয়।
এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সিডিউল অনুযায়ী কাজের এক চুল পরিমাণও অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















