৬ অতিরিক্ত আইজিপির নতুন দায়িত্ব, বিভিন্ন ইউনিটে রদবদল
- আপডেট সময় : ০২:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৭১ বার পঠিত

বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয় কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীর প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। একইভাবে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে বিশেষ শাখায় অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে।
বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে এবং বিপিএ সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।




















