হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ৬ জন গ্রেফতার, মিলেছে ইয়াবা ও প্রতারণার আলামত
- আপডেট সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৭৭ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলায় নারী-পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছেন বাংলাহিলি বাজারের ব্যবসায়ী নাহিদ হোসেন (৩২), যিনি নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণার মামলায় অভিযুক্ত।
শনিবার (২১ জুন) দিবাগত রাতে হাকিমপুর পৌর শহরের বাসুদেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, হাকিমপুর থানার মামলা নম্বর ৬(৬)২০২৫ অনুযায়ী, যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে নাহিদের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী মোছাঃ তাজমিন নাহার শিমা (২৩)। পুলিশ জানায়, তিনি প্রথম স্ত্রী থাকা অবস্থায় শিমাকে বিয়ে করে আলাদা সংসার গড়ে তুলেছিলেন, এবং কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন শুরু করেন।
এছাড়া, নাহিদের বিরুদ্ধে ভারতীয় মহাজন ও ঢাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে মোটা অংকের অর্থ গ্রহণের অভিযোগও রয়েছে।
একই রাতে পুলিশের অভিযানে আরও গ্রেফতার হন পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার ইমন মন্ডল (৩২), যার বিরুদ্ধে একাধিক মামলা এবং ওয়ারেন্ট রয়েছে। তার কাছ থেকে ২০ পিস ইনজেকশন জাতীয় মাদক (এ্যাম্পল) জব্দ করা হয়।
অপরদিকে, উপজেলার বৈগ্রাম গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয় নুর ইসলামের স্ত্রী মোছাঃ জয়নব বেগমকে (৪৮)। তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই গ্রামে অভিযান চালিয়ে ফৌজদারি মামলায় গ্রেফতার করা হয় আনোয়ারের ছেলে মজনু (৩০) এবং নুর ইসলামের ছেলে মনিরুল ভূট্টা (২৮) কে। এছাড়া নিয়মিত মামলায় আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরের পরে আদালতে পাঠানো হয়েছে।




















