সেতুর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ২০১ বার পঠিত

নবনির্মিত একটি সেতুর কাজ করার সময় জামালপুরের সীমান্তবর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জহুরুল ইসলাম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর সংলগ্ন বাহাদুরের খেয়াঘাটে এ ঘটনা ঘটে। জহুরুল ইসলাম উল্লাপাড়া উপজেলার সলপ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, প্রায় সাত-আট মাস ধরে জহুরুল ইসলামসহ ৭ নির্মাণ শ্রমিক বাহাদুরের খেয়াঘাটে সেতুর কাজ করছিলেন। শনিবার দুপুর ১টায় জহুরুল ইসলাম পানিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়। পরে অন্যসব শ্রমিকরা তাকে উদ্ধার করতে যায়। এসময় মো. আল মাহমুদ হোসেন (২৭) নামে একজন আহত হয়। এদিকে জহুরুল ইসলামকে উদ্ধার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া মনিরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বাহ্যিকভাবে যেটা মনে হয়েছে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে তারা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এসে দেখেন তিনি মৃত্যু বরণ করেছেন।




















