সালথা উপজেলা ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪৩ বার পঠিত

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফিরেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগ নেতা মো. নাঈমুজ্জামান নাঈম (৩০)। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।
মো. নাঈমুজ্জামান নাঈম সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।
পুলিশ জানান, নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে গোপনে নিজ বাড়িতে ফেরেন তিনি। খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান মানবজমিনকে বলেন, নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পর মঙ্গলবার তিনি বাড়িতে আসেন। খবর পেয়ে পুলিশের একটি দল মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর নাঈমের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।



















