সালথায় দেড়যুগের খেলার মাঠ দখলে নিতে মরিয়া আ:লীগ নেতা
- আপডেট সময় : ০৫:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৯৪ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চণ্ডীবরদী গ্রামের একমাত্র ফুটবল খেলার মাঠটি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে কয়েকজন আওয়ামীলীগ নেতা । সম্প্রতি মাঠ দখলে নিতে মাঠের মাঝ বরাবর বেড়া দিয়েছেন তারা। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত এই মাঠটি এলাকার প্রায় দশটি গ্রামের শিশু-কিশোর ও তরুণদের খেলার একমাত্র স্থান।
অভিযোগ রয়েছে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কয়েকজন আওয়ামী প্রভাবশালী ব্যক্তি মাঠটিতে বেড়া দিয়ে দখলের চেষ্টা করছেন। এ নিয়ে ক্রীড়াপ্রেমী, স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের জমি অধিগ্রহণের পর ঢাকা-খুলনা মহাসড়কের কাজ শেষ হলে জায়গাটি খালি পড়ে থাকে। প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে উত্তর চণ্ডীবরদী এবং আশপাশের গ্রামের ক্রীড়াপ্রেমীরা এটিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন। জমির মূল মালিকরা সরকারের কাছ থেকে তাদের প্রাপ্য অধিগ্রহণের টাকা বুঝে পেয়েছেন। অভিযোগ উঠেছে, পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার বাসিন্দা আব্দুল জলিল সরদারের ছেলে, পৌরসভার সাবেক কমিশনার ও মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাকি সরদার, তার ভাই মুকসুদপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির সরদার, তার বোন নিলুফা ইয়াসমিন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সরদার এই মাঠ দখলের সঙ্গে জড়িত।
মাঠে খেলতে আসা খেলোয়াড় ও দর্শকরা জানান, অত্র এলাকার মধ্যে এটিই একমাত্র খেলার মাঠ। এই মাঠটি বেদখল হলে শিশু কিশোর থেকে তরুন সবাই খারাপ কাজে চলে যাবে। এসময় তারা খেলার মাঠটি দখলমুক্ত করাসহ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। মাঠটি দখল মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন। নির্বিঘ্নে খেলাধুলা করার জন্য বর্তমান সরকার, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন ক্রীড়াপ্রেমী ও স্থানীয়রা। তরুণদের এই আর্তনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই বিষয়ে অভিযুক্ত নিলুফা ইয়াসমিনের বক্তব্য পাওয়া যায়নি। তার ভাই মুকসুদপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির সরদার জানান, আমরা ঢাকায় থাকি, আমাদের নামে কোন জমি নেই। জমির মালিক নিলুফা ইয়াসমিন। তিনি খেলার মাঠ বাদে যেটুকু পাবেন সেইটুক ঘীরে বেড়া দিয়েছিলেন, ছেলেপেলেরা তা উঠিয়ে ফেলছে। আমার কাছে নিলুফা ইয়াসমিনের ফোন নম্বর নাই।
সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, “উত্তর চণ্ডীবরদী গ্রামের একটি খেলার মাঠ দখলের অভিযোগ আমরা পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এখানে যদি সরকারের কোনো স্বার্থ থেকে থাকে, আমরা অবশ্যই খেলার মাঠটি দখলমুক্ত করে তরুণদের জন্য উন্মুক্ত রাখব। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধান করা হবে।
এই বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খেলার মাঠ দখল বেদল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। আমরা জমির মালিকানা দাবিকারীদের ডেকেছি। তাঁদের স্পষ্ট বলা হয়েছে, আগে সড়ক ও জনপথ বিভাগ থেকে জমির মালিকানার সঠিক কাগজপত্র হাজির করুন, এর আগে কোনো ধরনের দখল বা কার্যক্রম চলবে না। শিগগিরই উভয় পক্ষকে নিয়ে বসে কাগজপত্র যাচাই-বাছাই করে বিষয়টির একটি স্থায়ী সমাধান করা হবে।



















