সদরপুরে বিধবার বসতভিটার ১০টি গাছ কেটে নেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৯:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১৮৪ বার পঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের আলীমদ্দিনের ডাঙ্গী গ্রামে এক বিধবার বসতভিটা থেকে ১০টি মূল্যবান গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে মৃত মোজাম বেপারীর স্ত্রী হালিমা বেগম (৫৫) এর বসতভিটা থেকে ৭টি মেহগনি, ২টি আম ও ১টি বেলগাছ কেটে নেয় তার দেবর হারুন বেপারী (৪১)। স্থানীয় মৃত বাদশা বেপারীর ছেলে হারুন কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে গাছগুলো কাটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী হালিমা বেগম। বাজারমূল্যে এসব গাছের মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানান তিনি।
হালিমা বেগম জানান, ঘটনার সময় তিনি প্রতিবাদ করতে গেলে তাকে ঘরের ভেতরে গৃহবন্দী করে রাখে অভিযুক্তরা এবং প্রাণনাশের হুমকি দিয়ে গাছ কেটে নেয়।
ঘটনার পর বৃহস্পতিবার (১৭ জুলাই) সদরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন হালিমা বেগম। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই মোখলেছুর রহমান বলেন, “টানা বৃষ্টির কারণে এখনো ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে অভিযুক্ত হারুন বেপারীর সঙ্গে ফোনে কথা হয়েছে, সে গাছ কাটার বিষয়টি স্বীকার করেছে। বিধবার অসহায়ত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা তাকে পূর্ণ আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করবো।”
অভিযুক্ত হারুন বেপারী বলেন, “আমার দাদীর আফছা স্বত্ব রয়েছে, সেই সূত্রে আমরা জমির অধিকার দাবি করি। তাই গাছগুলো কেটেছি।”
উল্লেখ্য, ১৫ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে এক কন্যা ও দুই পুত্র রেখে একাই বসবাস করে আসছেন হালিমা বেগম। তার দুই ছেলে বর্তমানে বিদেশে থাকেন এবং কন্যা বিবাহিত। একাকী অবস্থানে থাকার সুযোগ নিয়ে দেবর হারুন বেপারী বসতভিটার দখলের চেষ্টা করছেন বলে দাবি করেছেন তিনি।




















