সদরপুরে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৩৩৬ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে গত ২৪ ঘণ্টায় মাদক, ডাকাতি ও থানা ভাঙচুরের অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটককৃতদের মধ্যে পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।
রবিবার (২৯ জুন) গভীর রাতে উপজেলার সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে সোমবার দুপুরে আটককৃতদের ফরিদপুর কোর্টে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রাজিব সর্দার (৩৩), আসাদুজ্জামান সর্দার (৩৪), সজিব তালুকদার (২৪), ওবায়দুর রহমান (৩৮), সবুজ ফকির (৩৪), সাহেব আলী (২৮), কলম প্রামাণিক (৪৮), ফারুক বিশ্বাস (৪১) ও শিবলী বিশ্বাস (৩৬)।
সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মোতাহার হোসেন বাদী হয়ে মাদক এবং থানা ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে।”




















