সদরপুরে পরিবেশ ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটা,লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১৩৫ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে একটি ইটভাটা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ইটভাটাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর)বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামে অবস্থিত এবিএম ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন, সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল হোসেনসহ একটি টিম।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জিহাদ হোসেন জানান ‘এ. বি. এম ব্রিকস নামের এই ইটভাটার পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ইয়ট ভাটার কার্যক্রম চালিয়ে আসছিল। পরে সেখানে অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ আইনে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি),নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, পরিবেশগত ছাড়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।




















