রূপসায় সালাম জুট মিলস্ এ ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ১২:১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১৯৪ বার পঠিত

খুলনা জেলার রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা মোড় এলাকায় সালাম জুট মিলস্ এর পাট গুদামে ভয়াবহ অগ্মিকান্ডের ঘটনা ঘটেছে আজ। এতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পাট কল কর্তৃপক্ষ জানায়।
ঘটনাটি ঘটেছে আজ ৩ এপ্রিল প্রায় ৫ টা ১৫ মিনিটের দিকে জাবুসা চৌ রাস্তামোড়স্থ এলাকায় অবস্থিত সালাম জুট মিলস এর ৩ নং গুদামে অগ্নিকান্ডের সূচনা হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী ২ টি গুদামে ছড়িয়ে পড়ে। এসময় গুদামে কর্মরত শ্রমিকরা ভয়ে গুদাম থেকে বের হয়ে আসে।
ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট এবং নৌ বাহিনীর ২টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে সহায়তা করছে। প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ জানান ৩ নং গুদামে অবস্থিত ১ টি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারনে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে।
অল্প সময়ের মধ্যে ২ নং এবং ১ নং গুদামেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম সাংবাদিকদের জানান ৩ টি গুদামে উৎপাদিত পণ্য ছিলো ৭৫০ টন যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা এবং কাঁচাপাট ছিলো ১৩০০ টন যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি। তিনি জানান সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ করে এম এম এ সালাম বলেন উক্ত টিম আন্তরিকতার সাথে কাজ করছে না। তারা রুমের ভেতরে প্রবেশ না করে বাইরে থেকে দায়সারা ভাবে আগুন নেভানোর চেষ্টা করছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন ফায়ার সার্ভিস তাদের সাধ্যমত চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। উক্ত প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপকের কোন ব্যবস্থা না থাকায় তিনি মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা,বাগেরহাট অঞ্চল থেকে ১১ টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই।



















