রাজবাড়ীর পাংশায় আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ অক্টোবর
- আপডেট সময় : ০৯:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১২৯ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট। ঐতিহ্যবাহী সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টটি উদ্বোধন হবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী জেলা ফুটবল দল বনাম ঢাকা বিআরটিসি ফুটবল একাদশ।
টুর্নামেন্ট উপলক্ষে মাঠ প্রস্তুতের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। দর্শকদের বসার ব্যবস্থা, নিরাপত্তা এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের আশা, দীর্ঘদিন পর এমন আয়োজনে এলাকায় জমে উঠবে ক্রীড়া-উদ্দীপনা এবং তরুণদের মাঠমুখী করবে।
সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের সভাপতি হারুণ অর রশিদ কালাম বলেন, “সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাব এক ঐতিহ্যবাহী সংগঠন। অতীতে আমাদের ক্লাবের আয়োজনে বহু ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর আবারও আমরা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। এলাকার ফুটবলপ্রেমী মানুষের বিনোদন আর আনন্দের জন্যই এই আয়োজন।”
ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাচ্চু বিশ্বাস বলেন, “আমাদের সরিষা স্কুল মাঠটি ঐতিহ্যবাহী হলেও বহুদিন ধরে এখানে কোনো খেলার আয়োজন হয়নি। খেলার অভাবে নতুন প্রজন্ম বিপথগামী হচ্ছে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি।”
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এ আয়োজন শুধু একটি খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং সমাজকে একত্রিত করারও উপলক্ষ। তারা আশা করছেন, এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করবে এবং হারিয়ে যাওয়া ক্রীড়া-ঐতিহ্য ফিরিয়ে আনবে।




















