রাজবাড়ীর আলাদীপুরে জোরপূর্বক মেহগুনি গাছ কাটার অভিযোগ
- আপডেট সময় : ০৭:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৭৮ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের ব্রিজপাড়া এলাকায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে জোরপূর্বক মেহগুনি গাছ কাটার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) সকালে মৃত আব্দুল গফুর শেখের দলিলকৃত সাত শতাংশ জমি থেকে কয়েকটি মেহগুনি গাছ কেটে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তার ছেলে মো. আলামিন শেখ।
অভিযোগকারী আলামিন শেখ জানান, এসএ ৩৪৭১ নম্বর দাগের মোট ৩৭ শতাংশ জমির মধ্যে তার বাবা মৃত আব্দুল গফুর শেখ বৈধভাবে ৭ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমির দলিল তাদের নামে রয়েছে এবং বর্তমানে তারা ওয়ারিশ হিসেবে জমির মালিক। কিন্তু অভিযুক্ত মো. মামুন মোল্লা ওই দাগের জমি নিজের দাবি করে তাদের অংশের ৮ থেকে ১০টি মেহগুনি গাছ বিক্রি করে দেন।
তিনি আরও জানান, শনিবার সকালে মামুন মোল্লা লোকজন নিয়ে এসে গাছ কাটতে শুরু করেন। এরই মধ্যে কয়েকটি গাছ কেটে ফেলা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাছ কাটা বন্ধ করা হয়।
আলামিন শেখের অভিযোগ, প্রতিপক্ষ দাগ নম্বরের অজুহাতে তাদের জমি দখলের চেষ্টা করছে। গাছ কাটতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে গাছ কাটা বন্ধ হয়। এ ঘটনার সুষ্ঠু সমাধান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. মামুন মোল্লা বলেন, জমিটি তার বাবার নামে রেকর্ডভুক্ত। ৩৪৭১ নম্বর দাগের ৩৪ শতাংশ জমির পুরোটাই তাদের মালিকানাধীন। তিনি দাবি করেন, জমি তাদের হওয়ায় গাছ বিক্রি করেছেন। তবে জমির দলিল দেখাতে বলা হলে তিনি জানান, দলিল রয়েছে, কিন্তু তা বর্তমানে তার কাছে নেই।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে আইনগতভাবে বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন।




















