রাজবাড়ীতে হামলা-ভাঙচুরের অভিযোগে সুজন-সজিবসহ ৩ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৮৭ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় সুজন, বাবুল ও সজিবসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী আলাউদ্দিন (৩৬) অভিযোগ করেন, গত ২৯ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে প্রতিবেশী আবুল হোসেন সুজনসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।
এ সময় তাকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। তার মা মোছা. আলেয়া বেগমের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করা হয়। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
এর আগে প্রশাসনের হর্ন ব্যবহার নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




















