রাজবাড়ীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, নারীকে শ্লীলতাহানির চেষ্টার দাবি
- আপডেট সময় : ১০:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৯ বার পঠিত

রাজবাড়ী পৌরসভার ২৮ কলোনি এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোসা. পারুল বেগম।
থানায় দেওয়া অভিযোগ অনুযায়ী, বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। এতে বাধা দিলে পারুল বেগমকে মারধর করা হয়। পরে তাঁকে রক্ষা করতে গেলে তাঁর পুত্রবধূ রেখা বেগমও হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত আজিম মোল্লা রেখা বেগমের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন এবং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা বাড়ির দুটি গেট ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করে। এছাড়া ওয়ারড্রব থেকে প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। আহত দুই নারী স্থানীয়ভাবে চিকিৎসা নেন। চিকিৎসা এবং পারিবারিক পরামর্শের কারণে থানায় অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে নাম থাকা আজিম মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ভাগ্নেকে মারধরের বিষয়ে কথা বলতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে জানতে পারেন, তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। তাঁর দাবি, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনায় জড়ানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















