রাজবাড়ীতে নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণচেষ্টার শিকার শিশু, গ্রেপ্তার-১
- আপডেট সময় : ০৯:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১৭২ বার পঠিত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানী। মামলা দায়েরের পরপরই আসামি জহুর মোল্লাকে (৬০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।
মামলার বাদী জানান, তার নাতনি যশোরে একটি মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে।পরিবারের সঙ্গে সে যশোরেই থাকে।সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে শিশুটি। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক(এসআই) তুষার জানান,এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।
বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান,মামলা দায়েরের পরপরই রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


















