যশোর রিজিয়নে তিন মাসে ৯৩ কোটি টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট সময় : ০৯:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৩৮ বার পঠিত

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন মাসে যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ২৮৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে ১৬৩ জনকে।
বিজিবি সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়। প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তের নিরাপত্তায় রিজিয়নের সাতটি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে।
অভিযানে স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, গুলি, কষ্টিপাথরের মূর্তিসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৮৫ হাজার ৬১০ পিস ইয়াবা, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২২০ কেজির বেশি গাঁজা, ১ হাজার ৯৮৮ বোতল ফেনসিডিল এবং ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।
এদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া ও মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে। এসব অভিযানে ৬ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ১২১ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকায় সার্চলাইট স্থাপন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত অভিযানও চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তকে অপরাধমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


















