মাদক দিয়ে লাশ সাজানো এম্বুলেন্সটি পাচারকালে আটক
- আপডেট সময় : ০৮:৩৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৮৩ বার পঠিত

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়, অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ২৫০পিস ফেন্সিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ ১১৩৫৪৫) আটক করা হয়, তবে চালক পালিয়ে যায়। সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলা সদরের ফুলবাড়ী -নাগেশ্বরী সড়ক থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদকবাহী ওই অ্যাম্বুলেন্সটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে, লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় থানা পুলিশের টহল জীপের সাইরেন শুনে গতি পরিবর্তন করে, দ্রুত গতিতে ফুলবাড়ী বাজারের দিকে যায়। এক স্থানে অ্যাম্বুলেন্স রেখে চালক পালিয়ে যায়। এ সময় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, চালক এসব মাদক সিটের ওপরে চাদর দিয়ে ঢেকে লাশের মতো করে রাখে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ব্যাপারে পলাতক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে তদন্ত চলছে অপরাধীকে শনাক্ত করতে।



















