মধুখালীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও পথসভা
- আপডেট সময় : ০৮:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১০২ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর ডঃ ইলিয়াস মোল্লা সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে এই কর্মসূচি পালন করেন স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এদিন বিকাল ৩ টায় ইউনিয়নের মথুরাপুর বাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আশাপুর, লাউজানা, নওপাড়াসহ গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে মথুরাপুর বাজারে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলীমুজ্জামান ও গাজনা ইউনিয়ন আমীর মাওলানা গোলাম মোস্তফা সেক্রেটারি অহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং পরিবর্তনের লক্ষ্যে জনমত গঠন করা হচ্ছে। তারা ফরিদপুর ১ আসনের প্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
বক্তারা আরও দাবি করেন, এলাকার সাধারণ মানুষ উন্নয়ন ও দুর্নীতিরোধে পরিবর্তনের আশা করছে। তারা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। মিছিলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন।



















