মধুখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ
- আপডেট সময় : ০৮:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৪০৭ বার পঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল হোসেন রিক্তকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
রবিবার (৬ জুলাই) ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, মুকুল হোসেন রিক্ত একজন পরোপকারী ও সৎ জনপ্রতিনিধি, যিনি বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাকে ঘিরে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য জনগণকে ক্ষুব্ধ করেছে বলে জানান এলাকাবাসী।
ইউনিয়নের বাসিন্দা প্রতিবন্ধী রবিউল মীর জানান, “আমি একজন প্রতিবন্ধী। তিন বছর আগে মুকুল চেয়ারম্যান আমাকে প্রতিবন্ধী ভাতা করে দিয়েছিলেন, এক টাকাও নেননি।” হাজী ইদ্রিস আলী বলেন, “মুকুল চেয়ারম্যান ঢাকায় ব্যবসা করেন, তবে ইউনিয়নে আসলে জনগণের সেবায় আত্মনিয়োগ করেন।”
বয়স্ক ভাতাপ্রাপ্ত সুনীল বিশ্বাস জানান, “আমার ভাতা করে দিয়েও কোনো টাকা নেননি।” বাসিন্দা হারাধন বিশ্বাস বলেন, “চেয়ারম্যানের কাছে গেলে তিনি বিনা পয়সায় কাজ করে দেন, তিনি একজন সৎ মানুষ।”
৪ বারের ইউপি সদস্য ও বিএনপি নেতা দস্ত মালি শেখ বলেন, “চেয়ারম্যান ঢাকায় থাকলে আমি দায়িত্ব পালন করি। কেউ বলতে পারবে না যে তিনি সরকারি কোনো টাকা আত্মসাৎ করেছেন।” ইউপি সদস্য সুভোল চন্দ্র বলেন, “একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জন্ম নিবন্ধন, নাগরিক সনদ ও কাবিখা প্রকল্পে টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। পরিষদের দেওয়ালে সরকারি ফি’র তালিকা টাঙানো আছে। এটা এক ধরনের অপ-সাংবাদিকতা।”
বিষয়টি নিয়ে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রাসেল বলেন, “চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ পাইনি। পিআইও অফিস থেকে জানা গেছে, উন্নয়ন প্রকল্পের কাজ বুঝে নিয়েই বিল দেওয়া হয়েছে। তবে সরেজমিন তদন্তে জন্ম নিবন্ধনে উদ্যোক্তার কিছু অতিরিক্ত টাকা নেওয়ার তথ্য পেয়েছি, এজন্য ইউনিয়ন সচিব ও উদ্যোক্তাকে শোকজ নোটিশ দেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন এবং প্রকৃত সত্য যাচাই করে সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।


















